© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়ে ন্যাটো মিত্রদের আশ্বস্ত করলেন রুবিও

শেয়ার করুন:
ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়ে ন্যাটো মিত্রদের আশ্বস্ত করলেন রুবিও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৯ এএম | ২৩ মে, ২০২৬
ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির মধ্যে ন্যাটোভুক্ত মিত্র দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

শুক্রবার (২২ মে) সুইডেনে অনুষ্ঠিত ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে মার্কো রুবিও বলেন, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে তাদের সেনা উপস্থিতি পুনর্মূল্যায়ন করছে।  

সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন পোল্যান্ডে অতিরিক্ত ৫ হাজার মার্কিন সেনা পাঠানো হবে। তবে এর মাত্র এক সপ্তাহ আগে পোল্যান্ডে ৪ হাজার সেনা পাঠানোর পূর্বঘোষিত পরিকল্পনা বাতিল করে ওয়াশিংটন। একই সঙ্গে জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের ঘোষণাও আসে। পরস্পরবিরোধী এসব সিদ্ধান্তে ন্যাটো মিত্রদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়।  

বৈঠকের আয়োজক সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, বিষয়টি সত্যিই বিভ্রান্তিকর এবং বোঝা সহজ নয়।

তবে এ বিষয়ে রুবিও বলেন, ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি সমন্বয়ের বিষয়টি নতুন নয়। এটি অনেক আগে থেকেই মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করেই পরিচালিত হচ্ছে। আমি বলছি না যে সবাই এতে সন্তুষ্ট হবে, তবে তারা বিষয়টি সম্পর্কে অবগত।

বর্তমানে মধ্যপ্রাচ্যেও যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার কারণে। এমন পরিস্থিতিতে, ওয়াশিংটন, তাদের বৈশ্বিক সামরিক উপস্থিতি পুনর্বিন্যাস করছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প দাবি করেন, পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাওরোকির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছরের নির্বাচনে ট্রাম্প প্রকাশ্যে নাওরোকিকে সমর্থন দিয়েছিলেন।

অন্যদিকে, চলতি মাসে, ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে ট্রাম্প ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপরই জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা আসে।

বর্তমানে, জার্মানিতে ৩৬ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া ইতালিতে প্রায় ১২ হাজার, যুক্তরাজ্যে ১০ হাজার এবং পোল্যান্ডে আনুমানিক ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেন, ইউরোপকে ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে হবে এবং সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

এদিকে, ট্রাম্প দীর্ঘদিন ধরেই ন্যাটোর সমালোচক। ইউরোপীয় দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রের বেশি অর্থ ব্যয়ের বিষয়টি তুলে ধরে তিনি একাধিকবার জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছেন। এর পর থেকেই ন্যাটোভুক্ত দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর উদ্যোগ নেয়।

এমআর/টিএ 

মন্তব্য করুন