আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’
ছবি: সংগৃহীত
০৩:১৪ এএম | ২৩ মে, ২০২৬
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটে নানা চমকের ভিড়ে সবাইকে ছাড়িয়ে গেছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত, ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি এই মহিষের নাম রাখা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে। অদ্ভুত চেহারা আর কপালে ঝুলে থাকা লালচে-সোনালি চুল বিশিষ্ট এই মহিষটি এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
শুক্রবার (২২ মে) সংবাদ সংস্থা রয়টার্স নারায়ণগঞ্জের এই ‘ডোনাল্ড ট্রাম্প’-কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম, ‘বাংলাদেশের বিরল ডোনাল্ড ট্রাম্প মহিষ এখন ঈদের সেনসেশন’।
রয়টার্সের প্রতিবেদনে বেশ রসিয়ে বলা হয়েছে, সাধারণত বাংলাদেশের মানুষ কালো রঙের মহিষ দেখতেই অভ্যস্ত। তবে এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং ক্রিমের মতো হালকা গোলাপি এবং এর কপালে রয়েছে একগুচ্ছ সোনালি চুল। এই চুলের স্টাইলটি হুবহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হেয়ারস্টাইলের কথা মনে করিয়ে দেয়।
আর এই অদ্ভুত মিলের কারণেই মহিষটির নাম আদর করে রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। দূর-দূরান্ত থেকে প্রতিদিন শত শত মানুষ এই সেলিব্রিটি মহিষটির সঙ্গে সেলফি তুলতে এবং ভিডিও করতে খামারে ভিড় জমাচ্ছেন— উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
রয়টার্স ছাড়াও এর আগে একাধিক মার্কিন গণমাধ্যম ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে বাংলাদেশের এই গোলাপি মহিষটি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এছাড়াও ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও দ্য টেলিগ্রাফ এবং ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও নিউজ এইট্টিনসহ বিশ্বের প্রভাবশালী অনেক গণমাধ্যমই বাংলাদেশের এই আলোচিত পশুকে নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে।
নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্ম’-এর মালিক জিয়াউদ্দিন জানিয়েছেন, তার ছোট ভাই একদিন শখ করে মহিষটির চুল দেখে ট্রাম্পের সঙ্গে তুলনা করে এই নাম দেয়। মজার ছলে রাখা সেই নাম যে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হবে, তা তারা ভাবেননি।
বাংলাদেশে কোরবানির ঈদকে কেন্দ্র করে বড় বা ব্যতিক্রমী পশুর নাম সেলিব্রিটিদের নামে রাখাটা এখন একটি নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। তবে সব চমককে বুড়ো আঙুল দেখিয়ে এবারের ঈদের সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে এই গোলাপি মহিষটি।
আইকে/টিএ