© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন:
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ এএম | ২৩ মে, ২০২৬
প্রায় দুই দশক পর ময়মনসিংহের ত্রিশালে আবারো জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী। এ অনুষ্ঠানে যোগ দিতে আজ শনিবার ময়মনসিংহ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ত্রিশালে এখন উৎসবের আমেজ।   

১৯১৪ সালে দারোগা রফিজ উল্লাহর হাত ধরে বর্ধমানের আসানসোল থেকে ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলা গ্রামে আসেন কিশোর নজরুল। এখানে এক বছর কাটানোর পর, নামাপাড়া বিচতিয়া বেপারি বাড়ি যান নজরুল। সেখানেই তিনি ভর্তি হন দরিরামপুর হাইস্কুলে। কবির স্মৃতিবিজড়িত এ স্কুল ঘিরেই চলছে জাতীয়ভাবে তাঁর জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি।

তিনদিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা, নাচ, গান, আবৃত্তি এবং পালা। আয়োজনে আরও থাকছে নজরুল মেলা ও বইমেলা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ প্রসঙ্গে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলায় জাতীয়ভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। এ লক্ষ্যে আমরা ব্যাপক প্রস্তুতি নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু করেছি। নিরাপত্তার বিষয় পর্যালোচনা করে আমরা প্রতিটি বিষয় বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি। ভেন্যু সুসজ্জিতকরণের জন্য কার্যক্রম চলমান রয়েছে।'

ত্রিশালে পা রেখেই ১৯৭৯ সালে বাবা জিয়াউর রহমানের খনন করা দরিয়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৩ মে) বিকেলে নজরুলজয়ন্তীর তিনদিনের আয়োজনে বক্তব্য রাখবেন তিনি। 

এ বিষয়ে ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, '(প্রধানমন্ত্রী) খাল খনন শেষ করে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে কথা বলবেন এবং সবশেষে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।'

এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ত্রিশালে তিনবার জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তাঁর দেওয়া ঘোষণার বাস্তবায়নই আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এবার একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর এবং মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি স্থানীয়দের।

এমআর/টিএ  

মন্তব্য করুন