দেনমোহর বাকি থাকলেও কি কোরবানি দেওয়া যাবে?
ছবি: সংগৃহীত
১২:২০ পিএম | ২৩ মে, ২০২৬
কোরবানির ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলিম সমাজে ধর্মীয় নানা প্রশ্ন সামনে আসে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো- স্ত্রীর দেনমোহর বাকি থাকলে কি স্বামী কোরবানি দিতে পারবেন, অথবা এমন অবস্থায় কোরবানি ওয়াজিব হবে কি না।
ইসলামি শরিয়ত ও ফিকাহ শাস্ত্র অনুযায়ী দেনমোহর এবং কোরবানি সম্পূর্ণ ভিন্ন দুটি বিধানের সঙ্গে সম্পর্কিত। দেনমোহর স্ত্রীর প্রাপ্য অধিকার, যা স্বামীর ওপর একটি আর্থিক দায় বা ঋণ হিসেবে গণ্য হয়। অন্যদিকে কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট আর্থিক সামর্থ্যের ভিত্তিতে পালনীয় একটি ইবাদত।
ফিকাহর ব্যাখ্যায় বলা হয়েছে, দেনমোহর বাকি থাকলেও তা কোরবানির পথে সরাসরি বাধা সৃষ্টি করে না। কারণ এটি এক ধরনের বিশেষ ঋণ হিসেবে বিবেচিত, যা স্বামীর বর্তমান নিসাব পরিমাণ সম্পদের হিসাব থেকে সরাসরি বাদ দেওয়ার বিধান নেই। তাই দেনমোহর বকেয়া থাকলেও কোরবানি আদায় করা শরিয়তসম্মতভাবে বৈধ।
তবে কোরবানি ওয়াজিব হওয়ার বিষয়টি নির্ভর করে ব্যক্তির আর্থিক সামর্থ্যের ওপর। কোরবানির নির্ধারিত দিনগুলোতে যদি জীবনযাত্রার প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে কারও কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তবে তার ওপর কোরবানি ওয়াজিব হবে। অন্যদিকে দেনমোহরের দাবি তাৎক্ষণিক এবং তা পরিশোধের পর যদি নিসাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে কোরবানি ওয়াজিব হবে না।
নির্ভরযোগ্য ফিকাহ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়, যেখানে উল্লেখ করা হয়েছে যে মোহরানার মতো ঋণ কোরবানির সামর্থ্য নির্ধারণে সরাসরি বাধা নয়। ইসলামি বিশেষজ্ঞদের মতে, সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর দেনমোহর দীর্ঘদিন বকেয়া রাখা উচিত নয়। কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি স্ত্রীর অধিকার আদায়ের বিষয়েও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তারা।
এসএ/টিএ