© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হুইল চেয়ারে আদালতে সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হক

শেয়ার করুন:
হুইল চেয়ারে আদালতে সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৮ পিএম | ২৩ মে, ২০২৬
বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। গত ১৬ মে এ আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. ইব্রাহিম খলিল।

আজ শনিবার (২৩ মে) দুপুরের পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালতে এ সংক্রান্ত শুনানি হবে। সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বেলা ১১টা ২০ মিনিটের দিকে তাকে হুইলচেয়ারে করে আদালতে তোলা হয়। শুনানি হওয়ার আগ পর্যন্ত তাকে তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায়।

প্রচন্ড গরম থাকায় তাকে কাগজ মোড়ানো পাখা দিয়ে বাতাস করেন এক আইনজীবী। শুনানিতে দেরি হওয়ায় পরে ১১ টা ৪৯ এর দিকে তাকে ফের আদালত থেকে সিএমএম কোর্টের হাজত খানায় নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরের পরে গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত শুনানি হবে। তখন আবার তাকে এ আদালতে আনা হবে।

আদালতে সাবেক এ বিচারপতির জামিনের বিরোধিতা করবেন রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুকী। অপরদিকে খায়রুল হকের আইনজীবী জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও আইনজীবী মোনায়েম নবী গ্রেপ্তারের বিরোধিতা করে শুনানি করবেন।

গ্রেপ্তারের আবেদন সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি এ বি এম খায়রুল হক। তিনি বর্তমানে জেল হাজতে আটক আছেন। এই মামলা তদন্তকালে উল্লেখিত আসামির মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক স্বাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

মামলার সুষ্ঠু ও নিরপেক্ষে তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন খোবাইব (২০)। যাত্রবাড়ী ওভারব্রিজের নিচে শান্তিপূর্ণভাবে অবস্থান করার সময় মামলার আসামিদের আদেশে ও মদদে পুলিশ, র‍্যাবসহ অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর স্বোচ্ছাসেবক লীগের অস্ত্রধারীরা একসঙ্গে আন্দোলনরত ছাত্র-জনতার উপর অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে খোবাইব ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় মৃতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে ২০২৪ সালের ১৬ নভেম্বর মামলা করেন। এতে শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার জন্য হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়। গত রবিবার বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

টিএ/

মন্তব্য করুন