শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত
০৩:০৯ পিএম | ২৩ মে, ২০২৬
ঢাকায় শিশু রামিসা হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে কলেজের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বকুল, ইসরাত জাহান, হাসনা হেনা নুপুর, আয়েশা তুন্ন নাফরা এবং প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা সুলতানা প্রমুখ।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা দেশের বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রামিসার মতো শিশুরাও নিরাপদ নয়। এ দায় রাষ্ট্র এড়াতে পারে না।
শিক্ষার্থীরা আরও বলেন ধর্ষণ ও হত্যার মতো অপরাধের দ্রুত বিচার, কার্যকর আইন প্রয়োগ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
শিক্ষার্থীরা জানান, অপরাধীদের বিচার নিশ্চিত না হলে অপরাধী প্রশ্রয় পাবে, সমাজে নিরাপত্তাহীনতা বাড়বে। তাই সরকারের কাছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় শিশু রামিসা হত্যার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটির সুষ্ঠু তদন্ত, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা এবং বিচার নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।
কেএন/টিএ