রামিসা হত্যাকাণ্ডএক মাসের মধ্যে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:৪১ পিএম | ২৩ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। যাতে ভবিষ্যতে কোনো ব্যক্তি এই ধরনের কাজ করার আর সাহস না পায়। একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে।
শনিবার (২৩ মে) বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত অবক্ষয় স্পষ্ট হয়েছে। এই ধরনের শিশু ও নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধুমাত্র দেশের অধিকার ও সম্পদ হরণ করেনি, বিচার ব্যবস্থাও ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মানবতা ও ধর্মীয় মূল্যবোধের। এগুলো একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে।
জাতীয় কবির স্মৃতিচারণা করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৬ সালে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জানাজা নামাজের পরে কবির লাশবাহী খাটিয়া বহনকারীদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন। এমনকি এরপর ১৯৮৯ সালের ২৫ মে কবির জন্মজয়ন্তীতে আয়োজিত র্যালিতেও তিনি অংশ নিয়েছিলেন। ত্রিশালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন খালেদা জিয়া।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অবিভাজ্য সত্তা। তিনি আমাদের জাতীয় সত্তার সার্থক প্রতিনিধি। জাতীয় ও জাতীয়তাবাদের চেতনার প্রতীক।
আরআই/টিকে