© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পার্শ্ববর্তী দেশের পরামর্শে ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে : এমপি জিলানী

শেয়ার করুন:
পার্শ্ববর্তী দেশের পরামর্শে ১৭ বছরে শিক্ষার মান ধ্বংস করা হয়েছে : এমপি জিলানী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ২৩ মে, ২০২৬

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী বলেছেন, ‘বাংলাদেশকে মেধাশূন্য করে দেওয়ার চক্রান্তে পার্শ্ববর্তী একটি দেশের পরামর্শে গত ১৭ বছরে দেশের শিক্ষার মান ধ্বংস করা হয়েছে।’ তিনি দাবি করেন, ‘বর্তমান সরকার গত তিন মাসে সেই ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

শনিবার (২৩ মে) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এস এম জিলানী বলেন, ‘মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ জন্য আমি কোটালীপাড়ায় ‘আলোকিত কোটালীপাড়া’ নামে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠনে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ের সকল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নয়ন ও মাদক প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। তাদের পারস্পরিক সহযোগিতা থাকলে এলাকার শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে। তিনি এলাকার উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাসও দেন।

হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

এমআই/টিকে 

মন্তব্য করুন