© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি

শেয়ার করুন:
সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪২ পিএম | ২৩ মে, ২০২৬
পুলিশ সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরির জন্য কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ‘অফিশিয়ালি বগুড়া থেকে কমিউনিটি পুলিশিং সমাবেশ করা হলো। এটা সারা দেশে ছড়িয়ে দেব। এর মাধ্যমে পুলিশ এবং জনতা সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ব। আমরা জনগণের সহযোগিতা চাই।’

শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধনের পর কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এবং এক সুধী সমাবেশে আইজিপি এসব কথা বলেন।
 
আইজিপি বলেন, জনগণই পুলিশকে আইনি ক্ষমতা দিয়েছে। জনগণের টাকায় পুলিশের বেতন হয়। সুতরাং পুলিশের কাজ হবে দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য। কে কিভাবে পুলিশে আসছে তা দেখার দরকার নেই।

দেশের শান্তিপ্রিয় মানুষকে নিরাপত্তা দেওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। নিজেদের স্বার্থে সবসময় পুলিশকে আবার অপবাদও দেওয়া যাবে না। সবশেষে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের শৃঙ্খলা একান্ত দরকার।

বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশে মুখ্য আলোচক ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) সাজ্জাদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বগুড়ার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিয়া সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, থানার ওসি কামরুজ্জামান মিয়া, আদমদীঘির থানার কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের আহ্বায়ক আবু মোতালেব, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

আরআই/টিকে

মন্তব্য করুন