৫০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে ২ ইউপি সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৩:৩৯ পিএম | ২৪ মে, ২০২৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে দরিদ্রদের জন্য বরাদ্দ বিজিএফের ৫০ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগ দুজন ইউনিয়ন পরিষদের সদস্যের আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই দুই মেম্বারকে রবিবার (২৪ মে) কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদ-উল-আজহা উপলক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে ধামশ্বর ইউনিয়নের ১ হাজার ৭৮৮ জন উপকারভোগীর জন্য ১৭.৮৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই বরাদ্দের মধ্য থেকে ৫০ কেজি করে ৫০ বস্তা, মোট ২.৫ মেট্রিক টন চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে সরিয়ে রাখেন দুই ইউপি সদস্য।
বিষয়টি জানার পর উপজেলার রাথুরা গ্রামের জাহানারা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে জব্দ চাল নিজেদের হেফাজতে নেয় প্রশাসন।
অভিযোগে বলা হয়, ধামশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল হক ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মানিয়ার মোল্লা স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর যোগসাজশে চালগুলো সেখানে মজুদ করেন।
বাড়ির মালিক জাহানারা বেগম জানান, অভিযুক্তরা দুদিন পর চালগুলো নিয়ে যাওয়ার কথা বলেছিলেন।
ধামশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন, সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে।
বরাদ্দকৃত চাল ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার হওয়া উচিত। এ ঘটনায় দৌলতপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম।
দৌলতপুর থানার ওসি স্বপন কুমার বলেন, ‘দায়ের মামলায় আসামিরা গ্রেপ্তার আছে এবং কোর্টে প্রেরণ করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন জানান, অভিযুক্ত দুই ইউপি সদস্যকে আটক করে নিয়মিত মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
এমআই/টিকে