© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়াকে আধুনিক নগরীতে রূপ দিতে মেগা পরিকল্পনা ঘোষণা

শেয়ার করুন:
বগুড়াকে আধুনিক নগরীতে রূপ দিতে মেগা পরিকল্পনা ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪১ পিএম | ২৪ মে, ২০২৬
বগুড়া শহরের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে একগুচ্ছ মেগা পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, শহরের মাটিডালি থেকে বনানী পর্যন্ত একটি বিশেষ ডেডিকেটেড বাস সার্ভিস চালুর জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বুয়েটের একটি টিম নিয়ে সড়ক বিভাগ ফিজিবিলিটি স্টাডি (সমীক্ষা) সম্পন্ন করেছে।

রবিবার সকালে বগুড়া সিটি কনফারেন্স হলে আয়োজিত ফুটপাত মুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মাটিডালী-বনানী রুটে ২০-২৫টি আধুনিক এসি বাস চলাচল করবে। নির্দিষ্ট কাউন্টার থেকে যাত্রী ওঠানামা করা হবে এবং সাশ্রয়ী নির্দিষ্ট ভাড়া ১০-২০ টাকা নির্ধারণ করা হবে। এই প্রজেক্টটি বাস্তবায়িত হলে ওই প্রধান সড়কে কোনো রিকশা, অটোরিকশা বা ভ্যান চলতে দেওয়া হবে না, রাস্তাটি সম্পূর্ণ ফ্রি রাখা হবে।

শহরের দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা রেলগেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ স্থাপিত হলে লালমনিরহাট-গাইবান্ধা রুটে রেলের চাপ আরো বাড়বে। তাই শহরের অভ্যন্তরে ১, ২ ও ৩ নম্বর রেলগেটে অতি দ্রুত ওভারপাস নির্মাণের জন্য বুয়েটের টিম দিয়ে ফিজিবিলিটি স্টাডি করার জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে সড়ক বিভাগ কিংবা সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে এটি বাস্তবায়ন করা হবে।

বগুড়ার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা টেনে প্রতিমন্ত্রী আরও জানান, খুব শিগগিরই বগুড়া ওয়াসা এবং আধুনিক আবাসন ও পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) গঠন করা হচ্ছে।

পাশাপাশি আইজিপির ঘোষণা অনুযায়ী বগুড়া মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আদলে কাজ চলছে। প্রধানমন্ত্রী আগামীতে বগুড়া সফরে এলে এই মেগা প্রকল্পগুলোর আনুষ্ঠানিক ঘোষণা ও গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আসন্ন ঈদুল আজহার বর্জ্য অপসারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী সব সিটি করপোরেশনকে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে। যেহেতু এটি নতুন সিটি কর্পোরেশন, নতুন প্রশাসক অন্যান্য সিটির সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করে বগুড়াবাসীকে স্বস্তি দিতে হবে।

সভাপতির বক্তব্যে বগুড়া প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, বগুড়া শহরের ২১টি ওয়ার্ডের শ্রমিক নেতা ও দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ইতোমধ্যে বৈঠক করা হয়েছে।

ঈদের দিন পরিচ্ছন্নতার দিক থেকে যে ওয়ার্ড সবচেয়ে এগিয়ে থাকবে, তাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করা হবে। শ্রমিকেরা রাত ৮টার মধ্যেই শহর বর্জ্যমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

হকারদের উচ্ছেদ না করে পুনর্বাসনের ওপর জোর দিয়ে তিনি বলেন, শহরের ফুটপাতে বসা হকারদের ৭০-৮০ শতাংশই গাইবান্ধা ও সিরাজগঞ্জের বাইরের এলাকার। সবাইকে সঙ্গে নিয়ে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে বগুড়াকে একটি পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়ে তোলা হবে।

বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুসহ সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।

আইকে/টিএ

মন্তব্য করুন