বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
ছবি: সংগৃহীত
০৫:৫১ পিএম | ২৫ মে, ২০২৬
আগামী ৫ বছরে বাংলাদেশকে ৫০০ কোটি বা ৫ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। পাশাপাশি বাংলাদেশে বার্ষিক সহায়তার পরিমাণ ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২৫ মে) সকালে ঢাকায় সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে। মূলত এই বৈঠকেই বাংলাদেশের উন্নয়নের অগ্রাধিকার খাতগুলো নিয়ে আলোচনার পর বড় অঙ্কের এই সহায়তার ঘোষণা দেওয়া হয়।
এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এডিবি সভাপতির এই সফরকালে ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির আওতায় প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি ঋণচুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা মোকাবিলায় অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলারের তহবিল রাখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার। তবে মধ্যমেয়াদে এর পরিমাণ বাড়িয়ে প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এডিবির নতুন এই পরিকল্পনা অনুযায়ী, বর্ধিত বার্ষিক ঋণ সহায়তা কাঠামোর আওতায় এখন থেকে বছরে গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে অর্থায়ন করা হবে।
এমআই/টিএ