ইজতেমা নিয়ে আদালতে আসা লজ্জাজনক: হাইকোর্ট
নিজেদের মধ্যে মারামারির পর বিশ্ব ইজতেমা পালনে আদালতের নির্দেশনা চেয়ে রিট দায়ের করাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার পৃথকভাবে ইজতেমা করার সরকারি সিদ্ধান্ত স্থগিত চেয়ে করা রিট আবেদনের শুনানিকালে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এ বিষয়ে করা রিটের আদেশ দেয়া হবে ২৭ জানুয়ারি। এই রিট আবেদনটি দায়ের করেন ঢাকার তেজগাঁও এলাকার বাসিন্দা ইউনূস মোল্লা।
রিটে বলা হয়, পাঁচ দফা নির্দেশনা দিয়ে যে পরিপত্র জারি করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ তাবলীগের মেহনত সুন্দর, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু দুঃখের বিষয় পাঁচদিন পরই ওই পরিপত্রের কার্যকারিতা স্থগিত করা হয়। যার ফলে দেশের প্রায় প্রত্যেকটি জনপদে হামলা, ভয়-ভীতি প্রদর্শন নতুন মাত্রা লাভ করে।
টাইমস/এএস/এইচইউ