মিরপুরে প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা করা হয়েছিল: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৭:২৬ পিএম | ২৬ মে, ২০২৬
ঢাকায় ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসা আক্তারের বাসায় যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে মব তৈরির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজের সন্তানের মতো মনে করে তার বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন। দ্রুত হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। সেদিন তার আগমন ঘিরে একটি রাজনৈতিক দল সেখানে মব সৃষ্টির চেষ্টা করেছিল। সেদিন অনেক মন্ত্রী আশঙ্কা করেছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে।
তিনি বলেন, ওইদিন পল্লবীতে আন্দোলন হয়েছিল। প্রধানমন্ত্রী সবাইকে বলেছিলেন- আমরা কন্যাসন্তানের জনক, আমাদের ওই পরিবারের পাশে দাঁড়াতে হবে। সেখানে প্রধানমন্ত্রীকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় একটি দলের লোকজন। সেটা কখনও কাম্য ছিল না।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার যখন তেলের পাম্পে সংকট নিরসরে বিরোধী দলের পাঁচজন, সরকারি দলের পাঁচজনকে নিয়ে কাজ শুরু করল ঠিক তখনই সংকট দূর হয়ে গেল। সরকার চাইলে তো একক সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখাতে পারত, কিন্তু তা করেনি। কারা সংকট তৈরি করেছে বা করত, এসব পরিষ্কার হয়ে গেছে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম চলমান আছে। চলতি বছরের নভেম্বর প্রধানমন্ত্রীকে পঞ্চগড়ে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। এখানকার সেতু, বিকল্প সড়ক, সরকারি অডিটোরিয়ামসহ অনেক কিছু উন্নয়ন প্রয়োজন। আশা করি বিএনপি সরকার এসব উন্নয়ন করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন- পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারের সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান প্রমুখ।
কেএন/টিকে