© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

শেয়ার করুন:
দেশে প্রায় ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৯ পিএম | ২৬ মে, ২০২৬
এবারের ঈদুল আজহার কোরবানির পশুর হাট অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি নিরাপদ রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি বলেন, দেশে এবার প্রায় ১ কোটি পশু কোরবানি হবে।

মঙ্গলবার (২৬ মে) কুমিল্লা নগরীর নেউরা কোরবানির পশুর হাট পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রান্তিক খামারি থেকে শুরু করে সাধারণ ক্রেতা পর্যন্ত সবাই যেন নিরাপদে পশু ক্রয়-বিক্রয় করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিরাপত্তা, চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। পাশাপাশি এবারের বাজারে অবৈধভাবে আসা পশুও চোখে পড়েনি।’

মন্ত্রী বলেন, ‘কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি টিম, জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা এবং চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালন নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঈদের বাজার এখনো পুরোপুরি জমে ওঠেনি। তবে এবার সারাদেশে প্রায় এক কোটি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, তা দেশের সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে সম্পৃক্ত থাকে।’

পরিদর্শনের সময় মন্ত্রী হাটে স্থাপিত ভেটেরিনারি টিমের বুথ থেকে মাইকিং করে ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশে বলেন, ‘কোনো ধরনের সমস্যা দেখা দিলে যেন তারা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বুথে যোগাযোগ করেন।’

পরে তিনি হাটের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পশু ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা।

কেএন/টিকে

মন্তব্য করুন