চাঁদপুরে অর্ধশত গ্রামে আজ ঈদ
ছবি: সংগৃহীত
০১:১২ এএম | ২৭ মে, ২০২৬
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরে ঈদুল আজহা উদযাপন হবে।চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপনের সবপ্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাতে সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরীফে ঈদ জামায়াত আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান এবং প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এ নামাজে ইমামতি করবেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।
অন্যদিকে, সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই নামাজে ইমামতি করবেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী। তাছাড়া ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলায় বেশ কয়েকটি গ্রামেও ঈদুল আজহা উদযাপন হবে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান। মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ্ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায় আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ।
মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এই উপজেলায় ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামায়াতে অংশগ্রহণ করবেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী জানান, প্রতিবছরের মতো এবারও সাদ্রা দরবার শরীফ মাঠে পবিত্র ঈদুল আজহা নামাজের জামাতের আয়োজন করা হয়েছে। তাছাড়া এই ঈদকে কেন্দ্র করে কোরবানির পশু ক্রয়সহ সকল আনুষঙ্গিক প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।
বিগত ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যসহ অন্য দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তারপর থেকে তার অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একসঙ্গে দুটি ঈদ উদযাপন করছেন।
এদিকে, চাঁদপিরের যেসব গ্রামে এবারো ঈদুল আজহা উদযাপন হবে: সেগুলো হচ্ছে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ান কান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদী, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ আরো কয়েকটি মিলিয়ে অর্ধশত গ্রাম।
এমআই/টিএ