© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেলজিয়ামে ট্রেন ও স্কুলবাসের সংঘর্ষ, নিহত ৪

শেয়ার করুন:
বেলজিয়ামে ট্রেন ও স্কুলবাসের সংঘর্ষ, নিহত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ এএম | ২৭ মে, ২০২৬
বেলজিয়ামের উত্তরাঞ্চলে একটি ট্রেন ও স্কুল মিনিবাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ ঘটনায় আরও পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দ্য গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ফ্ল্যান্ডার্স অঞ্চলের বুগেনহাউটের কাছে একটি রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় সকাল ৮টার কিছু পরে স্কুলগামী মিনিবাসটি ব্রুজ থেকে বুগেনহাউটগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বেলজিয়ামের পরিবহণমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক জানান, নিহতদের মধ্যে বাসচালক, শিশুদের সঙ্গে থাকা একজন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু রয়েছে। নিহত দুই শিশুর বয়স ছিল ১২ ও ১৫ বছর।

আহত পাঁচ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তারা গুরুতর আহত হলেও বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রেলক্রসিংয়ের ব্যারিয়ার নামানো এবং লাল সতর্ক সংকেত জ্বলতে থাকা অবস্থায় মিনিবাসটি লাইন পার হওয়ার চেষ্টা করেছিল। ট্রেনচালক জরুরি ব্রেক প্রয়োগ করলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের তীব্রতায় সাদা রঙের মিনিবাসটি উল্টে পাশের একটি বাড়ির প্রবেশপথে ছিটকে পড়ে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়। রেলওয়ে নেটওয়ার্ক অপারেটর ইনফ্রাবেলের এক মুখপাত্র জানান, কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি পুলিশ ও প্রসিকিউটর দপ্তর তদন্ত করছে।

দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেন, ‘বুগেনহাউটের ভয়াবহ দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।’

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লায়েনও শোক প্রকাশ করে বলেন, ‘আজ পুরো ইউরোপ বেলজিয়ামের সঙ্গে শোক পালন করছে।’

বেলজিয়ামের জাতীয় রেলওয়ে সংস্থা জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ১০০ যাত্রী ছিলেন। তবে তাদের কেউ আহত হননি। দুর্ঘটনার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এমআই/টিএ

মন্তব্য করুন