যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস
ছবি: সংগৃহীত
১২:২২ পিএম | ২৭ মে, ২০২৬
২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বিদেশি পর্যটক আগমনে বড় ধরনের পতন দেখা দিয়েছে। নতুন প্রকাশিত পরিসংখ্যান বলছে, কোভিড-১৯ পরবর্তী সময়ে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বছরে হিসাব করলে উল্লেখযোগ্যভাবে কমেছে, যা ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়কার পতনের চেয়েও বেশি।
সিএনএনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ লাখ কম বিদেশি পর্যটক গেছেন। এতে দেশটির পর্যটন খাত থেকে আয় কমেছে ৮ বিলিয়ন ডলারেরও বেশি।
বিশ্লেষকরা বলছেন, এই পতনের পেছনে কোনো মহামারি বা বৈশ্বিক অর্থনৈতিক সংকট নয়, বরং মূলত নীতিগত সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান বড় ভূমিকা রেখেছে।
বিশেষকরে, অভিবাসননীতি এবং বিদেশিদের প্রতি কঠোর মনোভাব নিয়ে তৈরি হওয়া নেতিবাচক ধারণাকে এর জন্য দায়ী করা হচ্ছে।
পর্যটন বিশেষজ্ঞদের মতে, বিদেশিদের কাছে যুক্তরাষ্ট্র নিয়ে আস্থা ও ইতিবাচক ধারণা কমে যাওয়ায় পর্যটন খাতে সরাসরি প্রভাব পড়ছে।
হার্ভার্ড কেনেডি স্কুলের সিনিয়র বিশ্লেষক জুলিয়েট কায়েম বলেন, যুক্তরাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক ধারণা পরিবর্তিত হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশটির আন্তর্জাতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
এছাড়া ভিসা ফি বাড়ানোর প্রস্তাব, বিমান ভাড়ার বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যটন প্রচারণা সংস্থা ‘ব্র্যান্ড ইউএসএ’-এর বাজেট সংকোচনের মতো বিষয়গুলোও ভ্রমণ খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানানো হয়েছে।
বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিল বলছে, বিশ্বজুড়ে পর্যটন প্রবাহ বাড়লেও যুক্তরাষ্ট্রে তার বিপরীত চিত্র দেখা গেছে। এতে স্পষ্ট হয়েছে, আন্তর্জাতিক পর্যটনের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের আকর্ষণ কমছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রবণতা অব্যাহত থাকলে শুধু পর্যটন খাত নয়, যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতি ও বৈশ্বিক প্রভাবও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।
টিজে/টিকে