আল-আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভিড়
ছবি: সংগৃহীত
০১:১৪ পিএম | ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি।
যুদ্ধ ও উত্তেজনার আবহের মধ্যেও বুধবার (২৭ মে) মুসলিমরা ঈদের জামাতে অংশ নিতে ভিড় করেন মসজিদের চত্বরজুড়ে। এদিকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও আলোচনায় এসেছে ইসরায়েল-গাজা পরিস্থিতি।
বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার চার দিনের ছুটির প্রথম দিন বুধবার দখলকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদের চারপাশের চত্বর মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে। সেখানে হাজারো মুসলিম একত্রে ঈদের নামাজ আদায় করেন।
ঈদুল আজহা মূলত মহান আল্লাহর নির্দেশে হজরত ইবরাহিম (আ.)-এর নিজ সন্তানকে কোরবানি করার প্রস্তুতির স্মরণে পালিত হয়। খ্রিস্টান ও ইহুদিদের কাছে তিনি আব্রাহাম নামে পরিচিত। এই দিনে মুসলমানরা পশু কোরবানি করেন এবং সেই কোরবানির মাংস সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করেন।
মুসলিম বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবটি এবার এমন এক সময়ে পালিত হচ্ছে, যখন গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের ঘটনা ঘটছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৮৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ২ হাজার ৬৪৫ জনের বেশি মানুষ।
এই যুদ্ধবিরতি চুক্তির মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ওই যুদ্ধে ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। দীর্ঘ এই যুদ্ধের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।
কেএন/টিকে