মেঘনা নদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ডুবে গেল ৫ নৌকা
ছবি: সংগৃহীত
০৫:১৪ পিএম | ২৭ মে, ২০২৬
ভোলা সদর উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরার সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পরে ৫টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় কোনো প্রাণহানি বা কোনো জেলে নিখোঁজের খবর না পাওয়া গেলেও হদিস মেলেনি নদীতে ডুবে যাওয়া নৌকাগুলোর।
বুধবার (২৭ মে) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার শিবপুর ও ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহাড়াদার মো. জাফর। নদীতে নিখোঁজ নৌকার মধ্যে রয়েছে- ভোলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন দুলাল মাঝির, জামাল মাঝির ও ফিরোজ মাঝির ও সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের শামীম মাঝির। এছাড়া ক্ষতিগ্রস্ত আরও এক জেলের নাম পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে মাঝিমাল্লা জাল ও নৌকা নিয়ে নদীতে মাছ ধরছিলেন এসব জেলেরা। এসময় হঠাৎ আকস্মিক কালবৈশাখি ঝড় শুরু হয়। এরমধ্যে ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন জামাল মাঝির নেতৃত্বে দুই জেলে, ফিরোজ মাঝিসহ ৪ জেলে ও দুলার মাঝিসহ ২ জেলে। একপর্যায়ে প্রবল বাতাস ঢেউয়ের মধ্যে পড়ে এসব নৌকাগুলো ডুবে যায়। পরবর্তীতে ঝড়ের কবলে পড়া জেলেরা ডাকচিৎকার দিলে নদীতে থাকা অন্যান্য জেলেরা তাদের মধ্যে কাউকে উদ্ধার করেন আবার অন্যান্য জেলেরা সাঁতরে তীরে উঠে প্রাণ বাঁচান।
এদিকে ঝড়ের কবলে পড়ে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে শামীম মাঝিসহ দুই জেলে মাছ ধরছিল। ওই সময় প্রবল বাতাস ও ঢেউয়ের মধ্যে তাদের নৌকাটি ডুবে গেলে নদীতে থাকা আশপাশের জেলেরা তাদেরকে উদ্ধার করেন। এছাড়া পার্শ্ববর্তী চর এলাকায় আরেকটি নৌকা ডুবলে সে নৌকার জেলেরা উদ্ধার হয়েছেন।
ভোলা জেলা মৎস্য বিভাগের নদী পাহাড়াদার মো. জাফর বলেন, ভোলার মেঘনা নদীতে আজ মোট ৫টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। ৪ জন ক্ষতিগ্রস্ত জেলের নাম জানা গেলেও একজনের নাম পাওয়া যায়নি।
এদিকে দুপুরে ভোলার ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, আমরা খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত কোনো জেলে নিখোঁজের খবর যাওয়া যায়নি।
আরআই/টিকে