© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদ দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ

শেয়ার করুন:
আদ দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ পিএম | ২৭ মে, ২০২৬
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়টি নবজাতক শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটির পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

বুধবার (২৭ মে) সংবাদমাধ্যমে দেওয়া এক শোক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, 'আজ ভোরে রাজধানীর মগবাজার আদ-দ্বীন হাসপাতালে মাত্র ১-২ দিন বয়সী ৬টি নিষ্পাপ নবজাতকের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, মর্মস্পর্শী ও অত্যন্ত করুণ। ফুটফুটে এই শিশুদের হারিয়ে তাদের পিতা-মাতা ও পরিবারের যে অপূরণীয় ক্ষতি হলো, তা কোনো সান্ত্বনা দিয়েও পূরণ করা সম্ভব নয়। এই অবর্ণনীয় দুঃসংবাদে পুরো দেশবাসীর সঙ্গে আমিও গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত।'

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা অনুযায়ী, এসির গ্যাস লিকেজ বা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে এই ভয়াবহ ট্র্যাজেডি ঘটে থাকতে পারে। তবে চিকিৎসালয়ের মতো একটি নিরাপদ জায়গায় এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যদি তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের অবহেলা, ত্রুটি বা দায়িত্বহীনতার প্রমাণ মেলে, তবে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।

মিয়া গোলাম পরওয়ার পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে শোকসন্তপ্ত পিতা-মাতা ও পরিবার-পরিজনের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি নিহত নিষ্পাপ শিশুদের জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান এবং তাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করার জন্য দোয়া করেন।

এসএ/টিএ

মন্তব্য করুন