শুধু কথায় নয়, কাজের পেছনে থাকতে হবে আত্মত্যাগের চিন্তা: সাঈদ আল নোমান
ছবি: সংগৃহীত
০৪:৫৩ পিএম | ২৮ মে, ২০২৬
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, আমাদেরকে শুধু কথায় বা আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকলে হবে না, মানুষের জন্য কাজের পেছনে থাকতে হবে আত্মত্যাগের মানসিকতা। নিজের কিছু হারিয়েও অন্যের মুখে হাসি ফোটাতে পারার মধ্যেই রাজনীতির প্রকৃত সার্থকতা নিহিত। পাশাপাশি থাকতে হবে আল্লাহর ভয়।
বৃহস্পতিবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিদের সঙ্গে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, আজকের এই কোরবানির দিন আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। রাজনীতিবিদদের শুধু কাজ করলেই হবে না, কাজের পেছনে থাকতে হবে আত্মত্যাগের চিন্তা। যাতে নিজের কিছু হারিয়েও অন্য মানুষের মুখে হাসি ফোটানো যায়।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি হলো পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগের চেতনা অর্জন করা এবং অন্যটি হলো তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা।
তিনি আরও বলেন, এই ত্যাগের চেতনা ধারণ করে আগামীর চট্টগ্রামসহ পুরো বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এমন একটি সমাজ গড়তে হবে, যেখানে রাজনীতিবিদরা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।
শেষে তিনি দেশবাসীকে ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
টিজে/টিএ