দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:০১ পিএম | ২৮ মে, ২০২৬
দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি বলে দাবি করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে চট্টগ্রামের কাট্টলী দারুচ্ছালাম জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেই হবে না, সেই প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
অর্থমন্ত্রী জানান, দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় নিতে সরকার কাজ করছে। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে কিছুটা সময় প্রয়োজন।
আমির খসরু মাহমুদ বলেন, বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে। এবারের কোরবানির ঈদে বাজার পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ভালো ও সহনীয় ছিল। সাধারণত কোরবানির ঈদে দ্রব্যমূল্য বেড়ে যায়। এবার উল্টো কমেছে। আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি।
জনগণের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে সঠিক জায়গায় নিতে আমাদের একটু সময় দিন। আমরা নির্বাচিত সরকার। জনগণের কাছেই দায়বদ্ধ। আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছি।
টিজে/টিএ