© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রাণে বাঁচল ডোনাল্ড ট্রাম্প, মহিষটির নাম দিল বিশ্ব গণমাধ্যম ‘কমান্ডার ইন বিফ’

শেয়ার করুন:
প্রাণে বাঁচল ডোনাল্ড ট্রাম্প, মহিষটির নাম দিল বিশ্ব গণমাধ্যম ‘কমান্ডার ইন বিফ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ২৮ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চেহারায় অদ্ভুত মিল এবং মাথায় সোনালি চুলের কারণে বিশ্বজুড়ে আলোড়ন তোলা বাংলাদেশের সেই ভাইরাল অ্যালবিনো মহিষটি শেষ পর্যন্ত কুরবানি হয়নি। ঈদুল আজহার আগে বিক্রি হয়ে গেলেও সরকারের উচ্চপর্যায়ের বিশেষ নির্দেশনায় সেটিকে উদ্ধার করা হয়েছে। বিরল প্রজাতির এই গোলাপি মহিষটির নতুন ঠিকানা হয়েছে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানা।

মহিষ ‌‘ডোনাল্ড ট্রাম্প’ যেভাবে প্রাণে বাঁচল 
নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা চার বছর বয়সি এবং প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি কুরবানির উদ্দেশ্যে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। প্রতি কেজি ৫৫০ টাকা হিসেবে মহিষটির দাম চূড়ান্ত হয়।

তবে মহিষটিকে ঘিরে ব্যাপক আগ্রহ এবং নিরাপত্তাজনিত কারণে কুরবানির আগমুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ নির্দেশনায় পুলিশ কেরানীগঞ্জ থেকে মহিষটিকে নিজেদের হেফাজতে নেয়। সেই ক্রেতার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুরোধে মহিষটিকে আজীবন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানায় নেওয়ার পর নিয়ম অনুযায়ী এটিকে প্রথমে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে।

বিশ্ব গণমাধ্যমে ‘কমান্ডার-ইন-বিফ’
কালো মহিষের দেশে বিরল জিনগত বৈশিষ্ট্য বা অ্যালবিনিজমের কারণে এই মহিষটির গায়ের রঙ হয়েছে গোলাপি এবং কপালে ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল রয়েছে। এই অনন্য রূপের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ভাইরাল খ্যাতির সুবাদে বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।।
মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যা দিয়েছিল ফরাসি বার্তা সংস্থা এএফপি। তারা নতুন প্রতিবেদনে লিখেছে, ‘ট্রাম্প’ মহিষকে কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় পাঠানো হলো।

ফ্রান্স ২৪-এর শিরোনাম করেছে, ভাইরাল তারকাখ্যাতি বাংলাদেশে ‘ট্রাম্প’ মহিষকে কুরবানির হাত থেকে বাঁচাল।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ লিখেছে, বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে হস্তক্ষেপ করলেন কর্মকর্তারা।
টাইমস অব ইসরাইল লিখেছে, ঈদের কুরবানি থেকে শ্বেতকায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে রেহাই দিল বাংলাদেশ।
নিউইয়র্ক পোস্টে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ভাইরাল অ্যালবিনো মহিষ বাংলাদেশে ঈদের কুরবানি থেকে রেহাই পেয়েছে।
এনডিটিভি লিখেছে, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষকে ঈদের কুরবানি থেকে বাঁচিয়ে বাংলাদেশের চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সংবাদমাধ্যমটির শিরোনাম, ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষটিকে বাঁচাতে এগিয়ে এলেন বাংলাদেশের কর্মকর্তারা।

অন্যান্য প্রভাবশালী মিডিয়া: এর বাইরেও ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইন্ডিপেনডেন্ট, পাকিস্তানের ডন, ভারতের টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডেসহ বিশ্বের প্রায় সবগুলো সুপরিচিত সংবাদমাধ্যম এই গোলাপি অ্যালবিনো মহিষটির খবর বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।

ট্রাম্পের নামে ‘ভুয়া পোস্ট’
এদিকে মহিষটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, খোদ ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের এই মহিষের চুলের প্রশংসা করেছেন। তবে বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানের তদন্তে দেখা গেছে, ট্রাম্প এ ধরনের কোনো পোস্ট করেননি এবং স্ক্রিনশটটি সম্পূর্ণভাবে এডিট করা বা ভুয়া।
বিরল শারীরিক গঠন আর তারকা খ্যাতির কারণেই শেষ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে ইতিহাসের অংশ হতে যাচ্ছে বাংলাদেশের এই ‘ট্রাম্প মহিষ’।

একেএস/ টিএ

মন্তব্য করুন