সুনামগঞ্জের শাল্লায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২
ছবি: সংগৃহীত
১০:২৬ পিএম | ২৮ মে, ২০২৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত একজনের পর চিকিৎসাধীন অবস্থায় আরও এক নারী মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে।
বুধবার (২৭ মে) দুপুরে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই পায়েল মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছিলেন। পরে ওই সংঘর্ষে তাহেরা বেগম (৩৫) নামের এক নারীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাল্লা থানার ওসি মো. রোকিবুজ্জামান। তিনি বলেন, তাহেরা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের সাইদুর রহমান এবং আওয়াল নুর গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে একজন যুবক ঘটনাস্থলে মারা যান। এ সময় আরও প্রায় ১০ জন লোক আহত হয়।
গুরুতর আহত তাহেরা বেগমকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে।
আরআই/টিএ