© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

শেয়ার করুন:
ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৫ পিএম | ১১ নভেম্বর, ২০২৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি রুজু করেন।

মামলায় শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবিবকে (২৬) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ১৫ জনকে আসামি করা হয়েছে।  

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিব আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার ‘বালিশিরা রিসোর্টে’ অবস্থান করছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিসোর্ট থেকে বের হয়ে অটোরিকশায় গন্তব্যে যাওয়ার পথে তাদের পথরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল।

হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালাগাল করে এবং দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। এ সময় চাপাতির কোপ ঠেকাতে গিয়ে হাসিবের বাম হাতের কব্জির নিচে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা স্থান ত্যাগ করে। হামলার দৃশ্য সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।  

এমআই/

মন্তব্য করুন