ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ গ্রহণে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৮:৫৫ এএম | ২৯ মে, ২০২৬
ইরাকে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ গ্রহণ করতে শুক্রবার (২৯ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহ বহনকারী বিমান ঢাকায় পৌঁছালে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন তিনি।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহতের প্রতি গভীর শোক ও সম্মান জানান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পরে দাফন-কাফনের জন্য নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেন তিনি।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস-এর তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে আনা হয়। গত ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK0843-এ মরদেহটি পাঠানো হয়। পরে তুরস্কে দীর্ঘ ট্রানজিট শেষে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে মরদেহ বহনকারী ফ্লাইটটি।
গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী দাপ্তরিক পত্রের মাধ্যমে মোহাম্মদ শ্রাবনের মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।
কেএন/এসএন