© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অল্প সময়েই জনগণের আস্থা হারিয়েছে সরকার: গোলাম পরওয়ার

শেয়ার করুন:
অল্প সময়েই জনগণের আস্থা হারিয়েছে সরকার: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ পিএম | ২৯ মে, ২০২৬
সরকার রাজনৈতিক সংকট তৈরি করেছে, সেই সঙ্গে অর্থনৈতিক মন্দা এবং চাঁদাবাজি, শিশু ধর্ষণ ও হত্যার মতো অপরাধ বেড়ে যাওয়ায় অল্প সময়েই সরকার জনগণের আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি আরও বলেন আস্থা হারানোর কারণেই প্রধানমন্ত্রীসহ যেকোনো মন্ত্রী জনগণের কাছে গেলে তাদের উদ্দেশ্যে 'ভুয়া ভুয়া' স্লোগান দেওয়া হচ্ছে। আজ শুক্রবার (২৯ মে) সকালে খুলনার শিরোমনি খান জাহান আলী কলেজ অডিটোরিয়ামে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনে সংবিধান পরিষদ ডেকে সংস্কারের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের বিষয়গুলো মেনে নিয়ে তফসিলে অন্তর্ভুক্ত করলে দেশে বিরাজমান রাজনৈতিক সংকটের নিরসন হবে। তিনি আরও উল্লেখ করেন, গণভোটের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের গণ-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আর এই গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে সংসদে ও রাজপথে ১১ দল দায়িত্ব পালন করে যাবে।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে চাঁদাবাজি, হত্যা, শিশু ধর্ষণসহ নানা অপরাধ বেড়ে যাওয়ার কারণেই এই সরকার এত অল্প সময়ে জনগণের আস্থা হারিয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখা এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং এতে উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা অংশ নেন।

কেএন/এসএন

মন্তব্য করুন