এনসিপি থেকে পদত্যাগ করে সারজিস আলমকে ‘ভণ্ড’ বললেন ফজলুল করিম
ছবি: সংগৃহীত
১১:০৬ এএম | ১০ নভেম্বর, ২০২৬
দলের নানা কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন দলটির হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড’ আখ্যা দেন ফজলুল করিম। তিনি অভিযোগ তুলেন, মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফজলুল করিম বলেন, আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম, আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখে আসছিলাম, আমার মনে হচ্ছে এনসিপি সেখান থেকে লাইনচুত হয়েছে।
আমি আজকে পদত্যাগ করেছি। কেন পদত্যাগ করলাম, এ নিয়ে সারজিস আলমের সঙ্গে চ্যাটিং হয়েছে। সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফের সচিব মাহির কাছেও কল রেকর্ড রয়েছে। কেন পদত্যাগ করলাম, সে বিষয়ে তারা নানা প্রশ্ন করেছেন।
পদত্যাগের পরও আমাকে বহিষ্কার দেখায় এনসিপি। যেটা নিছক একটা ‘ভণ্ডামি’।
তিনি বলেন, পদত্যাগ করারও পর বহিষ্কার দেখিয়ে ওনারা দেশ ও জাতিকে এটাই বুঝাতে চাচ্ছেন, আমরা তাদের বহিষ্কার করছি। কিন্তু সারা বিশ্বে এটা অলরেডি জেনে গেছে, এনসিপির যে মূল আদর্শ ও নীতি, সেটা থেকে সরে গেছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছিলাম, এখন মনে হচ্ছে এটা আমাদের ভুল ছিল।
তার অভিযোগ, এনসিপির হবিগঞ্জ জেলার কমিটিতে অনেক চাঁদাবাজ ও মাদককারবী রয়েছে। এই কমিটিতে যোগ্যদের পেছনে রেখে অযোগ্যদের মূল্যায়ণ করা হচ্ছে।
তিনি বলেন, আমরা মনে করেছিলাম দলটির উদ্দেশ্য আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার। কিন্তু এদের উদ্দেশ্যই অসৎ। এরা আসলেই ভণ্ড। সারজিস সালম থেকে শুরু করে কেন্দ্রে যারা আছেন, সকলের ভেতরেই ভণ্ডামি। এসব ছাড়াও দলটির নানা কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তোলেন ফজলুল করিম।
এমআই/