© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

শেয়ার করুন:
কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৯ পিএম | ২৯ মে, ২০২৬
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।

নিহত সজিব হোসেন (২৬) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের খুরাইশ চৌধুরী বাড়ির নূর হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহত অপর তিনজন হলেন— পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের দুলা মিয়ার বাড়ির দুলা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩), একই উপজেলার আশিয়াশ ইউনিয়নের মোল্লাপাড়া খন্দকার বাড়ির মবিনুল ইসলামের ছেলে রুবেল (২৬) এবং পটিয়া পৌরসভার গোবিন্দখীল এলাকার অলি মিস্ত্রির বাড়ির বাদশা মিয়ার ছেলে হারুনুর রশিদ (৫১)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, কর্ণফুলী থানাধীন ভেল্লাপাড়া এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত সজিব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসএন 

মন্তব্য করুন