ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা করলেন মামদানি
ছবি: সংগৃহীত
০১:৫৭ পিএম | ২৯ মে, ২০২৬
ইরান যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই যুদ্ধকে অনর্থক আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেন।
নিউইয়র্ক সিটির এই মেয়র বলেন, তিন মাস আগে এমন একটি যুদ্ধ শুরু হয়েছিল, যার পক্ষে জনগণের কোনো ভোট ছিল না। অথচ এর মূল্য দিতে হচ্ছে এমন মানুষদের, যাদের এ বিষয়ে মতামত জানানোর সুযোগই ছিল না।
মামদানির ভাষ্য, যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; বিদেশে থাকা বেসামরিক নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শ্রমজীবী পরিবারগুলোকেও এর বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
তিনি দাবি করেন, এই সংঘাতে ইতোমধ্যে হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে নিহত ১৩ মার্কিন সেনাসদস্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তারা আর কখনো তাদের পরিবারের কাছে ফিরতে পারবেন না।
যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নিউইয়র্ক সিটির মেয়র। তার মতে, সংঘাতের কারণে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, যার চাপ পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হওয়া এই যুদ্ধের কারণে বহু পরিবারের বাজেট সংকুচিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে মামদানি বলেন, শুরু থেকেই তিনি এই যুদ্ধের বিরোধিতা করে আসছেন এবং এখনও একই অবস্থানে রয়েছেন। তার মতে, যেকোনো মূল্যে এই সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন।
এসএন