© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দায়-দরদের সমাজচিন্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাংস্কৃতিক হাতিয়ার: মাহফুজ

শেয়ার করুন:
দায়-দরদের সমাজচিন্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাংস্কৃতিক হাতিয়ার: মাহফুজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৪ পিএম | ২৯ মে, ২০২৬
রাজনীতিকে শুধু ক্ষমতার কাঠামো নয়, বরং একটি নৈতিক ও সামাজিক দর্শনের জায়গা থেকে পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, “দায়-দরদের সমাজচিন্তা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাংস্কৃতিক হাতিয়ার।

শুক্রবার (২৯ মে) বিকাল ৩ টা ১৫ মিনিটে তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া ওই পোস্টে তিনি নতুন রাজনৈতিক ভাবনার তিনটি স্তম্ভ তুলে ধরেন। তিনি বলেন, রবুবিয়ত, দায়-দরদের সমাজ এবং সামাজিক গণতন্ত্র। তার মতে, এই তিনটি ধারণা একত্রে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিতে পারে।

মাহফুজ আলম বলেন, রবুবিয়ত মানুষের মধ্যে শুধু মানবিকতা নয়, বরং সব জীব ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা তৈরি করে। এর মাধ্যমে পরিবেশ, নদী, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার একটি নৈতিক ভিত্তি গড়ে ওঠে।

দায় ও দরদের সমাজচিন্তা প্রসঙ্গে তিনি বলেন, এটি মানুষকে অধিকার সচেতন করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। একই সঙ্গে সমাজে প্রতিহিংসার পরিবর্তে সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি তৈরি করে, যা তার ভাষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সাংস্কৃতিক প্রতিরোধ।

সামাজিক গণতন্ত্র নিয়ে তিনি বলেন, এটি এমন একটি ব্যবস্থা যেখানে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হয়। সম্পদ ও ভূমির পুনর্বণ্টন, সামাজিক গতিশীলতা বৃদ্ধি এবং কাঠামোগত সংস্কারকে তিনি এ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক চর্চার কেন্দ্র হওয়া উচিত শিক্ষা, স্বাস্থ্য, বিচার ও পুলিশ ব্যবস্থার সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিকদের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা।

পোস্টের শেষে তিনি রাজনীতিকে পরিবর্তনশীল ও শেখার প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, এখনকার মূল কাজ সংগঠন, কুতর্ক করার সময় নেই।

এমআই/এসএন


মন্তব্য করুন