ইরানের সঙ্গে চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৯:৫৩ পিএম | ২৯ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার (২৯ মে) তিনি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকে বসবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্ভাব্য চুক্তিতে কয়েকটি শর্ত অন্তর্ভুক্ত থাকতে হবে। শর্তগুলো হল- ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হবে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হবে, সমুদ্রপথে পাতা মাইন সরানো হবে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার করা হবে এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের মাধ্যমে অপসারণ ও ধ্বংস করা হবে।
ট্রাম্প আরও বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থ লেনদেন হবে না। কম গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে।’ তিনি পোস্টে লেখেন, ‘আমি এখন সিচুয়েশন রুমে বৈঠকে যাচ্ছি, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য।’
চলমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর বিষয়ে একটি সমঝোতায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে দু’পক্ষের তরফেই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার বিষয়ে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি ট্রাম্প।
অন্যদিকে ইরানের সংবাদ সংস্থা তাসনিম দু’পক্ষের সমঝোতার বিষয়ে ওয়াকিবহাল একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, আলোচনা অনেকটা এগোলেও কোন কোন শর্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়বে, তা চূড়ান্ত হয়নি।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির দাবি, চুক্তি তখনই চূড়ান্ত হবে, যখন তেহরানের তরফে আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হবে। ট্রাম্প একপাক্ষিক ভাবে ঘোষণা করে দিলেই যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে জানানো হয়েছে তাদের প্রতিবেদনে।
টিজে/টিএ