© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের সঙ্গে চুক্তির ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে বসছেন ট্রাম্প

শেয়ার করুন:
ইরানের সঙ্গে চুক্তির ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে বৈঠকে বসছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৫ পিএম | ২৯ মে, ২০২৬
ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তির বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ মে) তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বলেন, ইরানকে অবশ্যই এটি মেনে নিতে হবে যে তারা কখনই পারমাণবিক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে না। এর পাশাপাশি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উভয়মুখী যাতায়াতের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার এবং এই জলসীমায় বসানো সমস্ত মাইন ধ্বংস করার শর্তও দিয়েছেন তিনি।  

ট্রাম্প জানান, চুক্তি সম্পন্ন হলে হরমোজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে এবং সেখানে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলো নিজ দেশে ফেরার প্রক্রিয়া শুরু করতে পারবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চুক্তির বিনিময়ে কোনো ধরনের অর্থ লেনদেন করা হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।

এর আগে মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানিয়েছিল যে, দুই দেশ একটি চুক্তিপত্রের খসড়া রূপরেখায় সম্মত হয়েছে, যা এখন ট্রাম্প এবং ইরানের শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই সম্ভাব্য চুক্তির অধীনে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে।

তবে ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য সত্য ও মিথ্যার একটি মিশ্রণ। ইরানের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী নয়।

অন্যদিকে বৃহস্পতিবার (২৮ মে) মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আলোচনার ভাষা ও কিছু শর্ত বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও দরকষাকষি চলছে।তারা চুক্তির খুব কাছাকাছি থাকলেও এখনও তা চূড়ান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আরআই/ এসএন

মন্তব্য করুন