শান্তি চুক্তি 'না' হলে ইরানে আবার সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: হেগসেথ
ছবি: সংগৃহীত
০২:৪৮ পিএম | ৩০ মে, ২০২৬
ইরানের সঙ্গে শান্তি চুক্তি 'না' হলে আবারও সামরিক হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে তিনি বলেন, প্রয়োজন হলে পুনরায় হামলা চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। এ ধরনের অভিযানের জন্য পর্যাপ্ত অস্ত্রভাণ্ডার দেশটির হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
হেগসেথ বলেন, 'প্রয়োজনে আমরা আবারও অভিযান শুরু করতে পারি। আমাদের সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোতায়েন থাকা আমাদের অস্ত্রভাণ্ডার এ ধরনের পদক্ষেপের জন্য যথেষ্ট।'
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে আয়োজিত এই সম্মেলনে তিনি আরও বলেন, ইরান সংঘাতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।
তার দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে প্রতিরক্ষা শিল্পখাতকে আরও শক্তিশালী করছে এবং দ্রুতগতিতে অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে, যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচালিত সামরিক পরিকল্পনা বাস্তবায়নে কোনো ঘাটতি না থাকে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছেন বলে জানান হেগসেথ। তার ভাষ্য, ট্রাম্প এমন একটি চুক্তি চান, যা নিশ্চিত করবে যে ইরান কখনোই 'পারমাণবিক অস্ত্র' অর্জন করতে পারবে না।
গতকাল শুক্রবার ট্রাম্প জানান, ইরান যুদ্ধের অবসান সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। প্রস্তাবটি বাস্তবায়িত হলে এপ্রিলের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে। এতে স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচকদের অতিরিক্ত সময় মিলবে।
গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের বাসিন্দা। একই সঙ্গে হরমুজ প্রণালিতে ইরানের কার্যত নিয়ন্ত্রণের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে।
এমআই/এসএন