© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরিয়ায় ইসরাইলি হামলায় ১২ ইরানি সেনা নিহত

শেয়ার করুন:
সিরিয়ায় ইসরাইলি হামলায় ১২ ইরানি সেনা নিহত
international-desk
০৮:৫৩ পিএম | ২২ জানুয়ারি, ২০১৯

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অন্তত ১২ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে রোববার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলায় ২১ জন নিহত হয়।

নিহতদের মধ্যে বাশার সরকারের নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ১২ সদস্যসহ অন্যান্য দেশের ৩ নাগরিক রয়েছে।

ইসরাইলের লক্ষ্যবস্তুর কথা উল্লেখ করে ব্রিটিশ এই মানবাধিকার সংস্থা বলছে, দামেস্ক বিমানবন্দরের কাছে কুদস ফোর্সের অস্ত্রাগার, ইরানের গোয়েন্দা বাহিনীর স্থাপনা এবং ইরানের সামরিক প্রশিক্ষণ ক্যাম্প ছিল ইসরাইলি হামলার লক্ষ্য।

হামলার কারণ হিসেবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রোনেন ম্যানেলিস বলেছেন, একদিন আগে গোলান মালভূমি লক্ষ্য করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে বিমান হামলা চালানো হয়েছে।

এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান ও সিরীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে তার দেশ হামলা অব্যাহত রাখবে।

একই সঙ্গে সিরিয়ায় ইরানের প্রবেশকে ইসরায়েল মেনে নেবে না বলে দীর্ঘদিনের দাবি পুনরায় ব্যক্ত করেছেন তিনি।

ইসরাইলের হামলার কঠোর জবাব দেয়া হবে বলে ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল আলী শামখানি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ার সঙ্গে একযোগে কাজ করবে ইরান। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকি পরোয়া করে না তেহরান।

 

টাইমস/এমএএইচ/এক্স

মন্তব্য করুন