© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেশ বাঁচাতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : হুইপ নিজান

শেয়ার করুন:
দেশ বাঁচাতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : হুইপ নিজান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ৩০ মে, ২০২৬
জাতীয় সংসদের হুইপ, লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দেশ বাঁচাতে হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশ বাঁচবে, ‎আর দেশ বাঁচলেই দেশের মানুষ বাঁচবে। ‎এর জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শনিবার (৩০ মে) দুপুরে খায়ের হাট এলাকায় জারিরদোনা খাল পুনঃখনন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন নিজান বলেন, আপনারা দেখছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা পেয়ে কতটা বিনয়ী। ‘প্রধানমন্ত্রী বলেছেন, ক্ষমতার চেয়ার কতটা উত্তাপ তা আমি জানি। এ ক্ষমতার প্রভাবের কারণে হাসিনাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। এ ক্ষমতা বায়তুল মোকাররমের খতিবকেও পালাতে বাধ্য করেছে। আমরা পালাতে চাই না। আমরা জনগণের পাশে থাকতে চাই।’

‎তিনি বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিলো; বিএনপি সরকার ক্ষমতায় গেলে দুর্নীতি, লুটপাট করবে না। আমরা সে পথেই হাঁটছি। আপনারা দেখছেন, তারেক রহমান প্রেসিডেন্ট এবং তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে হয়েও কীভাবে সাধারণ মানুষের সাথে মিশছেন এবং অতিসাধারণ জীবন যাপন করছেন। “ওই সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘প্রধানমন্ত্রী যদি অতিসাধারণ জীবন যাপন করতে পারেন; আপনারা কেন পারবেন না।’ তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে।”

হুইপ নিজান ওই সময় নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা যে টোকেনের রাজনীতি শুরু করেছেন। এ রাজনীতি আপনাদের ধ্বংস করে দেবে। দয়া করে টোকেনের রাজনীতি বন্ধ করুন।’

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, এলজিইডি লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জল সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহ্বায়ক ইউছুপ পাটোয়ারী ও যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ দোলন প্রমুখ।

‎জানা যায়, চলতি বছরে কমলনগর উপজেলা প্রকৌশলীর দপ্তর জারিরদোনা খালের সাড়ে ৫ কিলোমিটার পুনঃখননের জন্য ১ কোটি সাড়ে ৯ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে টেন্ডার আহ্বান করে। এতে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স নিলিমা ট্রেডার্স ১ কোটি ৪ লাখ টাকায় ওই কাজের টেন্ডার পান। ‎

টিজে/টিএ 

মন্তব্য করুন