© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ৩০ মে, ২০২৬
১৯৭১ সালে যারা পরাজিত যোদ্ধা ছিলেন, তারা আজকাল নানাভাবে ফণা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, যারা গত ১৭ বছর দেশের মানুষকে শোষণ, নিপীড়ন, খুন-গুম, দুর্নীতি ও চাঁদাবাজি করেছে, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে তারা বিদায় হয়েছে।

কিন্তু সেই তাদের দোসররা এখন ষড়যন্ত্র করছে, যাতে বর্তমান সরকার সফল হতে না পারে।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের এমএন একাডেমি মাঠে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে এখন পর্যন্ত যারা জিয়া পরিবারের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু। যারা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব সরকার দেখতে চায় না, তারা জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের যেকোনো মূল্যে মোকাবেলা করতে হবে।
 
শামা ওবায়েদ বলেন, শহীদ জিয়া সব বাধা অতিক্রম করে দেশের মানুষের জন্য কাজ করেছিলেন। দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে তুলে এনে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করে গেছেন। তিনি এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে কৃষক ও শ্রমিকরা যাতে তিনবেলা পেট ভরে খেতে পারবে।

ছাত্রসমাজ ও যুবসমাজ নিজেদের শিক্ষা লাভ করে নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করবে। নারীরা নিজেদের পায়ে দাঁড়াবে। তিনি প্রত্যেকটা স্বপ্নের বীজ বপন করে গেছেন। পানির সমস্যা দূর করার জন্য তিনি খাল খনন করেছেন। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠা করে গেছেন।
 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়া দেশের এক নম্বর রেমিট্যান্স খাত প্রতিষ্ঠা করেছেন। তিনি দেশকে সফলভাবে বিশ্বের মানচিত্রে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায়, গণতন্ত্রের মুক্তির প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নিজেকে একজন আপসহীন নেত্রী হিসাবে উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রমহান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।

আরআই/টিএ

মন্তব্য করুন