© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাঠি হাতে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে থানায় শিবির নেতাকর্মীরা

শেয়ার করুন:
লাঠি হাতে ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে থানায় শিবির নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ পিএম | ১০ নভেম্বর, ২০২৬
‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে লাঠি হাতে নাটোর সদর থানায় প্রবেশ করেছেন জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গত রাতে নাটোরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়ে কথা বলতে তারা থানায় যান। এসময় নেতাকর্মীদের হাতে লাঠিসোঁটা নিয়ে থানায় প্রবেশ করতে দেখা যায়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরে শোডাউন শেষে নাটোর সদর থানায় উপস্থিত হন।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, গত রাতে নাটোরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালানো, টায়ার পোড়ানোসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করা হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা থানায় গিয়ে নিজেদের বক্তব্য জানান।

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ রনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, গত রাতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নাটোরে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। আজ রাতেও তারা অরাজকতা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা থেকে আমরা মোটরসাইকেল নিয়ে শহরে শোডাউন করেছি। তারা সতর্ক না হলে আমরা আমাদের মতো করে অ্যাকশনে যাব।

তিনি আরও বলেন, গত রাতে বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলার সময় প্রশাসন কী ভূমিকা পালন করেছে, তা জানতে এবং এ বিষয়ে কথা বলতেই আমরা থানায় এসেছি।

পরে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমানের সঙ্গে কথা বলে থানা থেকে বের হয়ে যান ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান দেশের একটি গণমাধ্যমকে বলেন, নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি ও অন্যান্য নেতাকর্মীরা থানায় এসেছিলেন। তারা অভিযোগ করেন, গত রাতে বিচ্ছিন্নভাবে কয়েকটি এলাকায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার পুড়িয়ে, আগুন ধরিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছেন। এ বিষয়ে তারা কথা বলতে থানায় আসেন। আমি তাদের আশ্বস্ত করেছি, যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে পুলিশ সব সময় সতর্ক ও তৎপর রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। থানায় লাঠি হাতে প্রবেশের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, লাঠি হাতে তারা থানায় প্রবেশ করেছে কিনা এটা আমার চোখে পড়েনি।

এমআই/

মন্তব্য করুন