পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি: খোকন
ছবি: সংগৃহীত
১১:৩৪ পিএম | ৩০ মে, ২০২৬
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হলো জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। তাকে হত্যা করেছে কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারে নাই।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপির আয়োজিত শিশু একাডেমীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খোকন বলেন, পেছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনি, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটা পরীক্ষীত প্রমাণিত।
এসময় খোকন আরো বলেন, সংবাদপত্র ও ন্যায়বিচারের স্বাধীনতা দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান। এদেশে যেই প্রাকৃতিক সম্পদ আছে আমরা যদি দুর্নীতি, লুটপাট না করি তাহলে বিদেশ থেকে লোক আসবে এখানে কাজ করতে। এদেশে যখনই সংকট এসেছে তখনই জিয়া পরিবার নেতৃত্ব দিয়েছেন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
টিজে/টিএ