© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ!

শেয়ার করুন:
সামান্থার সঙ্গে প্রতারণা ও পর্নোসাইটে বিকৃত ছবি প্রচারের অভিযোগ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ৩১ মে, ২০২৬
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য নিজের নাম, ছবি ও ব্যক্তিগত পরিচয়ের অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন এই অভিনেতা।

নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ে হয়েছিল ২০১৭ সালের ৭ অক্টোবর। তবে চার বছরের দাম্পত্যজীবনের পর ২০২১ সালের ২ অক্টোবর যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। বিচ্ছেদের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়েন নাগা।

অভিযোগ উঠেছে, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এমন কনটেন্ট ছড়ানো হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন নাগা চৈতন্য।

এমনকি তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার অভিযোগও তোলা হচ্ছে। 

অভিনেতার দাবি, এসব তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে।

নাগার পক্ষে আদালতে হাজির হয়ে আইনজীবী বৈভব গগ্গর বলেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনেতার নাম ও পরিচয় ব্যবহার করে তার বিরুদ্ধে আপত্তিকর ও বিকৃত তথ্য ছড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে এবং অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।



মামলাটির শুনানি করছেন বিচারপতি জ্যোতি সিং। আদালতে নাগার আইনজীবী আরো দাবি করেন, কয়েকটি ওয়েবসাইট অভিনেতার নামকে অশালীন ও আপত্তিকর সার্চ টার্মের সঙ্গে যুক্ত করে নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া ও মানহানিকর তথ্যও প্রচার করা হচ্ছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে পর্নোগ্রাফি-সংক্রান্ত কনটেন্টে নাগা চৈতন্যের ছবি ব্যবহারের অভিযোগও তোলা হয়েছে। আদালতে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তার আইনজীবী।
সামান্থার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ প্রসঙ্গে বৈভব গগ্গর বলেন, ‘এটা ট্রলের অংশমাত্র, কোনো ন্যায্য সমালোচনা নয়।’

তিনি আরো দাবি করেন, ডিপফেক প্রযুক্তি, ভয়েস ক্লোনিং সফটওয়্যার এবং অন্যান্য ডিজিটাল ম্যানিপুলেশন টুল ব্যবহার করে নাগা চৈতন্যকে ঘিরে ভুয়া অডিও-ভিডিও কনটেন্ট তৈরি করা হচ্ছে। এসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আদালতে নাগাকে নিয়ে তৈরি কয়েকটি মানহানিকর ইউটিউব ভিডিওর অংশও উপস্থাপন করা হয়েছে। তবে অভিযোগ ওঠার পর ইতোমধ্যে কিছু লিংক সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নাগা চৈতন্য। প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে তাঁর এই আইনি পদক্ষেপ নতুন করে আলোচনা তৈরি করেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন