ঢাকা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত অন্তত ২৫
ছবি: সংগৃহীত
০১:৫৪ পিএম | ৩১ মে, ২০২৬
ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়লে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নগরকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শাহিনুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার সুইটি জানান, এ পর্যন্ত ২৩ জন আহত যাত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেএন/এসএন