মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরো ৩৫ মন্ত্রী, শপথ আগামীকাল
ছবি: সংগৃহীত
১০:৪৫ পিএম | ৩১ মে, ২০২৬
পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার (৩১ মে) এই ঘোষণা করেছেন তিনি।
আগামীকাল সোমবার শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩৫ জন মন্ত্রীকে রাজ্য সরকারে অন্তর্ভুক্ত করা হবে।
নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল সকাল ১১টায় নবান্নে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন।
তিনি আরো বলেন, ‘আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত জাতীয়তাবাদী সরকারের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় নবান্নে শপথ গ্রহণ করবেন।মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি নবান্নে তাদের শপথবাক্য পাঠ করাবেন।’
এদিকে রাজ্য প্রশাসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ দপ্তর বরাদ্দ দেওয়া হতে পারে বলে জানা গেছে।
এর আগে ১৮ মে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারীদের ওপর অত্যাচারের মোকাবেলা করার জন্য দুটি কমিশন গঠনের অনুমোদন দেয়। উভয় কমিশনের নেতৃত্বেই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা থাকবেন।
১ জুন থেকে কমিশন দুটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
এসকে/টিএ