জয়পুরহাটে দুই বিএনপি নেতা বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
ছবি: সংগৃহীত
০৯:৫৪ এএম | ০১ জুন, ২০২৬
গত ৩০ মে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির ২ জন নেতাকে বহিষ্কার এবং ৫ নেতাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা বিএনপি সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা স্বাক্ষরিত নোটিশে বলা হয় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী তথা দিনটি একটি জাতীয় শোকের দিন থাকা সত্ত্বেও সোনামুখী ইউনিয়ন বিএনপি জাফরপুর স্কুল মাঠে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ উৎসবে মেতে থাকার কারণে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনরপির ৫ জন নেতাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।
নোটিশ প্রাপ্তরা হলেন- বিএনপি নেতা আয়নাল হক, মোজাম্মেল হক, মাসুদ রানা, আবু বকর সিদ্দিক, এবং যুবদল নেতা মিনহাজ।
একই কারণে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপি সভাপতি মাহাবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিস্কার করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয় দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন না করে বিএনপির নেতা ও এমপির নাম ব্যবহার করে অশ্লীল নাচ গানে মেতে ছিলেন তারা।
এহেন অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপি সভাপতি মাহাবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বারকে দল থেকে বহিস্কার করা হলো।
এফআর/এসএন