© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সরকার গঠনের একমাসের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু

শেয়ার করুন:
সরকার গঠনের একমাসের মধ্যেই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২২ পিএম | ০১ জুন, ২০২৬
গত ৯ মে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেসময় শুভেন্দুর সঙ্গে মন্ত্রী হিসাবে সঙ্গে শপথ নিয়েছিলেন আরও পাঁচজন। এরপর রাজ্যবাসী তাকিয়ে ছিল কবে ঘোষণা হবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। সেই জট অবশেষে কাটল।

সরকার গঠনের একমাসের মধ্যেই  পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন শুভেন্দু অধিকারী। সোমবার (১ জুন) শুভেন্দু অধিকারী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ করল। স্থানীয় সময় সকাল ১১টায় লোকভবনে শপথ নেন মন্ত্রীরা।

লোকভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যপাল আরএন রবি এদিন ৩৫ জনকে মন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৩ জন ও প্রতিমন্ত্রী ১৯ জন। ৩৫ জন মন্ত্রীর শপথের সঙ্গে রাজ্যের বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্যের সংখ্যা হল ৪১।

শপথ অনুষ্ঠানে প্রথমেই মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন ১৩ জন। তারা হলেন—দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওরাওঁ, দুধকুমার মণ্ডল, অর্জুন সিং গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চ্যাটার্জি, স্বপন দাশগুপ্ত ,কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখার্জি,অজয় পোদ্দার ও অরূপ কুমার দাস। 

এরপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মালতি রাভা রায়, রাজেশ মাহাতো ও ইন্দ্রনীল খাঁ।

সবশেষ প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন ১৯ জন। এর মধ্যে রয়েছে, জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার।

তবে এখনই দপ্তর বণ্টন না হওয়ায় কার কোন দপ্তর তা জানা যায়নি হয়নি। জানা গেছে, সোমবার বিকেলে সচিবালয়ে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই দপ্তর বন্টন করবেন শুভেন্দু অধিকারী।

বিজেপির মন্ত্রিসভায় আগেই শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। তাদের মধ্যে অবশ্য ইতিমধ্যেই দপ্তর বন্টন করা হয়েছে।

কেএন/এসএন

মন্তব্য করুন