ডন নিউজের প্রতিবেদনযুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে: বাঘাই
ছবি: সংগৃহীত
০৪:০২ পিএম | ০১ জুন, ২০২৬
ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র এখনও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। দক্ষিণাঞ্চলের একটি বন্দরে মার্কিন হামলার পর সংক্ষিপ্ত সময়ের জন্য সামরিক উত্তেজনা তৈরি হয় বলে জানিয়েছে দেশটি।
এএফপির বরাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, 'যুক্তরাষ্ট্র আজ সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।'
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষায় ইরান প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
এর আগে, দক্ষিণাঞ্চলীয় বন্দরে মার্কিন হামলার পর দুই পক্ষের মধ্যে সাময়িক সামরিক উত্তেজনা দেখা দেয়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের যে প্রক্রিয়া বর্তমানে চলছে, তা কোনো অস্থায়ী ব্যবস্থা নয় এবং এ অবস্থান থেকে সরে আসারও কোনো পরিকল্পনাও ইরানের নেই।
দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. কাজেম গারিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ইরানের জন্য একটি স্থায়ী কৌশলগত প্রক্রিয়ার অংশ।
তার মতে, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরানের অবস্থান পরিষ্কার এবং এতে কোনো ধরনের 'আপস' করা হবে না।
মূলত, সোমবার (১ জুন) ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও ড্রোন ঘাঁটিতে আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, আন্তর্জাতিক জলসীমায় একটি 'এমকিউ-১' রিপার ড্রোন ভূপাতিত করাসহ ইরানকে কড়া জবাব দিতেই এই হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানের সিরিক দ্বীপে টেলিকম টাওয়ারে হামলার জবাবে একটি বিমানঘাঁটিতে পাল্টা আঘাত হানার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এক ঘণ্টা আগে হরমোজগান প্রদেশের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের পর, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ফাইটারগুলো সেই বিমানঘাঁটিতে আঘাত হেনেছে, যেখান থেকে ওই হামলাটি চালানো হয়েছিল।
এতে তাদের পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস হয়েছে। তবে, আইআরজিসি ওই বিমানঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান জানায়নি।
টিজে/টিকে