© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন

শেয়ার করুন:
ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৩ পিএম | ০২ জুন, ২০২৬
ভোলায় হাজারো মানুষের উপস্থিতিতে বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাকে রাষ্ট্রীয় গার্ড অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে দুপুর ১টা ৪০ মিনিটে তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টরটি তার নিজ গ্রামে অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীরা হেলিপ্যাডে ভিড় জমান।

কোড়ালিয়া গ্রামে নিজ বাড়িতে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এর আগে সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্থানীয় বাসিন্দারা জানায়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ ভোলার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে এলাকার মানুষ একজন অভিভাবকসুলভ নেতাকে হারালেন বলে মন্তব্য করেন অনেকে।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবীদ। গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। জীবনের শেষ আট মাসেরও বেশি সময় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

টিকে/

মন্তব্য করুন