সাক্ষী না আসায় পেছাল টিএফআই সেলে গুম-নির্যাতন মামলার সাক্ষ্যগ্রহণ
ছবি: সংগৃহীত
০৪:৩৮ পিএম | ০৩ জুন, ২০২৬
র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৩ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। সাক্ষী না আসায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে রেজিস্ট্রার কার্যালয়।
প্রসিকিউশন জানায়, আজ পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় প্রসিকিউশন থেকে সময়ের আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর করে আগামী ১৪ জুন নতুন দিন ঠিক করেন আদালত।
এ মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে আছেন ১০ জন। তারা হলেন- র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
পলাতকরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।
এমআর/টিকে