© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার

শেয়ার করুন:
এমপিদের সংসদীয় কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৯ পিএম | ০৩ জুন, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের নবযাত্রায় জনগণের আস্থা অর্জন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে সংসদ সদস্যদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।

বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ শীর্ষক এই দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।  

অনুষ্ঠানে স্পিকারসহ সংসদীয় নেতারা আইন প্রণয়ন ও সংসদীয় রীতি-নীতি চর্চায় সদস্যদের দক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা জানান, কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয় বরং জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই সংসদকে কার্যকর করতে এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যপ্রণালি বিধির সম্যক জ্ঞান থাকা প্রতিটি সংসদ সদস্যের জন্য অপরিহার্য।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন– জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি; চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, এমপি এবং বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, এমপি। এছাড়া আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলি। 

জনগণের আস্থা পূরণে কাজ করছে সংসদ

সভাপতির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রায় জনগণের প্রত্যাশা পূরণের নিমিত্ত কাজ করে যাচ্ছে। জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের আস্থা পূরণে সংসদ সদস্যরা জনপ্রতিনিধিত্ব করেন।কার্যপ্রণালি বিধি কেবল প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দায়িত্ব বাস্তবায়নের মূল হাতিয়ার। এজন্য প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে সঠিক ধারণা থাকার জন্য কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক।  

স্পিকার সংসদের তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও নির্বাহী বিভাগকে জবাবদিহিতামূলক অন্তর্ভুক্তির আওতায় এনে সংসদ সদস্যদের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় না। গঠনমূলক বিরোধী দল ও সরকারি দলের সমান দক্ষতায় কার্যপ্রণালি বিধিতে অংশগ্রহণ নিশ্চিত করে জনসম্পৃক্ততা ও আইন প্রণয়ন প্রক্রিয়া পরিচালিত হয়। সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ড এর 'স্ট্রেংদেনিং ইন্সটিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)' প্রোগ্রাম সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করে যাচ্ছে বলেও তিনি জানান।

অধিকার, দায়িত্ব ও জবাবদিহিতা 

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা কর্মভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং এ দায়িত্ব পালনে তারা জনগণের প্রতি দায়বদ্ধ।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি বলেন, উন্নয়নের জন্য একজন সংসদ সদস্যকে নিজ নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কাজ করতে হয়। একই সঙ্গে সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতেও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। এসব দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে সংসদকে কার্যকর করতে হবে এবং কার্যকর সংসদ পরিচালনার জন্য সংসদীয় রীতি-নীতি ও কার্যপ্রণালি বিধি সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক।

করদাতাদের টাকা ও টেকসই গণতন্ত্র  

বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান দেশের সুশাসনের ওপর জোর দিয়ে বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার ও সর্বোপরি টেকসই গণতন্ত্র কীভাবে নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যকে সামনে রেখেই সংসদ পরিচালিত হবে।

দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সের ১ম গ্রুপে আজ বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্যরা অংশ নেন। এর মধ্যে সংসদীয় আসন-১ পঞ্চগড়-১ থেকে ধারাবাহিকভাবে ১০৯ বরগুনা-১, ১১১ পটুয়াখালি-১ থেকে ১১৬ ভোলা-২, ১১৮ ভোলা-৪ থেকে ১৫০ ময়মনসিংহ-৫ আসনের নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে সংরক্ষিত নারী আসন ৩০১ মহিলা আসন-১ থেকে ৩২৪ মহিলা আসন-২৪ থেকে নির্বাচিত সংসদ-সদস্যগণও এই ওরিয়েন্টেশন অংশগ্রহণ করেন।

এমআর/টিকে   

মন্তব্য করুন