১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রক্রিয়ার নির্দেশনা
ছবি: সংগৃহীত
০৯:৩৯ পিএম | ০৩ জুন, ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ (বুধবার) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় স্বাক্ষর করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।
নির্দেশনায় বলা হয়েছে, চূড়ান্ত নিয়োগের আগে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশি তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ এবং জমা দেওয়া কাগজপত্র ও ডকুমেন্টসের সত্যতা যাচাই করতে হবে।
এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর প্রতিবেদন সংগ্রহ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নের আগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ দুই মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
পুলিশি তদন্ত, এনএসআই প্রতিবেদন এবং দুই মাসের প্রশিক্ষণ সন্তোষজনক হওয়া সাপেক্ষে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদান করানো হবে।
তবে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০২৫ এর সব শর্ত পূরণ সাপেক্ষে চাকরির দুই বছর পর তাদের স্থায়ীকরণ করা হবে।
এমআর/টিকে